আস্থার পরিবেশ চায় কমিশন :সিইসি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

দল, পক্ষ, ব্যক্তির উর্দ্ধে উঠে নির্বাচনী দায়িত্ব পালনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৈষম্যের উর্ধ্বে থেকে রাগ অনুরাগ প্রশ্রয় না দিয়ে আইনের সুষ্ঠু প্রয়োগের নির্দেশ দিয়ে প্রজ্ঞা ও মেধা খাটিয়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে। আতঙ্ক নয়, কমিশন চায় আস্থার একটি পরিবেশ। একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন করতে চাই, আমাদের কাছে কোনও দল কিংবা মত নেই। গতকাল রবিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের নির্বাচনী নির্দেশনামূলক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদত হোসেন চৌধুরীও বক্তব্য রাখেন। প্রথম ধাপে গতকাল ২১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিফিংয়ে অংশ নেন। তিন ধাপে মোট ৬৪০ জন জুডিশয়াল ম্যাজিষ্ট্রেটকে দিক-নির্দেশনা দেবে কমিশন। ভোট গ্রহণের আগের দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন তারা।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটদের উদ্দেশ্য করে সিইসি বলেন, আপনারা সাংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।

বিচারকদের উদ্দেশে মাহবুব তালুকদার বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে হলুদ গণতন্ত্র চাই না। চাই স্বচ্ছ ও স্বাভাবিক গণতন্ত্র।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো : রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।