মানিকগঞ্জ:হরিরামপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত লেছড়াগঞ্জ ইউনিয়নে রয়েছে অনেক খাল বিল, জলাশয়। আর এ সব জলাশয়ে রয়েছে রকমারি জাতের মাছ। প্রতি বছর এই সময়ে বিভিন্ন জলাশয়ে পলো দিয়ে মাছ ধরতে মেতে উঠে এই এলাকার মানুষ। এটা এই এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য। কিছুদিন আগে পাটগ্রামচর গ্রামের বিলে হয়ে গেল এমনই এক মাছ ধরার উত্সব। ভোর থেকে পলো নিয়ে মাছ ধরতে বিলে আসে বিভিন্ন গ্রামের মানুষ। শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। মাছ ধরতে হালুয়াঘাটা গ্রাম থেকে আসা রুবেল হোসেন বলেন, বিলে ধনী-গরিব, নারী-পুরুষ সবাই একসঙ্গে পলো দিয়ে মাছ ধরছে। সবার মনে অপার আনন্দ। মাছ কম পেলেও কারো মনে বিন্দুমাত্র কষ্ট নেই। এমন মজার প্রতিযোগিতায় অংশগ্রহণটাই বড়ো কথা। চরাঞ্চলে খাল বিলে পাওয়া যায় বোয়াল, শোল, রয়না, বাইম, নওলা, বাইলা, গোইনা সহ বিভিন্ন জাতের মাছ। খরিয়া গ্রামের কৃষক মোস্তফা মিয়া বলেন, স্থানীয় জাতের মাছ দিন দিন কমে যাচ্ছে। অনেক উন্মুক্ত জলাশয় প্রভাবশালীরা নিজেদের আওতায় নিয়ে নিয়েছে যেগুলোতে গ্রামের সব মানুষ মাছ ধরার অনুমতি পায় না। তাছাড়া পোনামাছ ধরা, সেচ দিয়ে ও পানিতে বিষ দিয়ে মাছ মারার কারণে মাছ কমে যাচ্ছে। স্থানীয় জাতের মাছ টিকিয়ে রাখতে আমাদের সচেতন হতে হবে —ইত্তেফাক
