গতকাল রবিবার সকালে রূপগঞ্জের ভোলানাথপুরে পুলিশি বাধায় উপজেলা বিএনপি আয়োজিত সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল ইসলাম রফিক বলেছেন, এ ব্যাপারে থানা পুলিশ কিছুই জানে না।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে রবিবার বিকেলে পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকার এরাবিয়ান রেস্টুরেন্টে একটি সভার আয়োজন করা হয়। ঐ সভায় উপস্থিত থাকার কথা ছিল, অ্যাডভোকেট হুমায়ুনসহ জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদসহ আরো অনেকের। রূপগঞ্জ থানা পুলিশ গতকাল সকালে এরাবিয়ান রেস্টুরেন্টে গিয়ে সভা করতে নিষেধ করে। এতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পুলিশি বাধার বিষয়টি বিএনপি নেতৃবৃন্দকে জানিয়ে দেয়। এতে সভাটি করা আর সম্ভব হয় না। গণতান্ত্রিক দেশে পুলিশ এভাবে একটি সভা পণ্ড করতে পারে না বলে মন্তব্য করেন অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন।
তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা
রূপগঞ্জে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কাজিম আয়েজ পরিষদের উদ্যোগে তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন প্রমুখ। আগামী ১ অক্টোবর কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
