বিআইডব্লিউটিএর ৪৫টি পন্টুন নির্মাণ করবে আনন্দ শিপইয়ার্ড

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে গত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নৌখাত অনেক বিকশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত চ্যালেঞ্জ ছিল সবগুলো সফলভাবে মোকাবিলা ও প্রতিবন্ধকতা দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে কিল লেয়িংয়ের মাধ্যমে ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ৪৫টি টার্মিনাল পন্টুন নির্মাণের কার্যাদেশ বাস্তবায়ন করবে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড (এএসএসএল)। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে পন্টুন সরবরাহ করবে আনন্দ শিপইয়ার্ড। এ কাজের জন্য আনন্দ শিপইয়ার্ডকে ৯৭ কোটি ৬০ লাখ টাকা দেবে বিআইডব্লিউটিএ। ঢাকার সদরঘাট, পাগলা, মিরকাদিম, নারায়ণগঞ্জ, ফতুল্লাসহ দেশের বিভিন্ন বন্দরে এসব পন্টুন স্থাপন করা হবে।

আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুস সামাদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী  প্রমুখ।