লোকমান ও ফিরোজের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং কৃষক লীগের নেতা ও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করতে গতকাল রবিবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, লোকমান ও ফিরোজের নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের যাবতীয় তথ্য জরুরি ভিত্তিতে আগামী পাঁচ দিনের মধ্যে জানাতে হবে। তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলো আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।

গত ২৬ সেপ্টেম্বর গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমানের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে। এদিকে ২০ সেপ্টেম্বর গ্রেফতারের পর শফিকুল আলম ফিরোজের নামে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করে র্যাব। একটি অস্ত্র মামলা, অন্যটি মাদক আইনে মামলা।