প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবায় দূতাবাসে মেডিকেল সেন্টার হবে :প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:২২

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবায় দূতাবাসে মেডিক্যাল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। গতকাল রবিবার রাজধানীর মিরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্দন জুং রানা। এতে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহসভাপতি ডা. সিরাজুল ইসলাম, মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, অধ্যাপক সোহেল রেজা চৌধুরী প্রমুখ।