ডেঙ্গু পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় মাত্র ৯৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগের চিকিত্সা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছে ৮৫ হাজার ৭৯৭ জন, যা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর প্রায় ৯৮ শতাংশ। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগী আছে ১ হাজার ৫৭৭ জন।
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার সকালে তার মৃত্যু হয়। তার নাম সাধনা রানী (৪৫)। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামের বাবুল চন্দ্র হালদারের স্ত্রী। এ নিয়ে শের-ই-বাংলা মেডিক্যালে মোট ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মোট ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে।
