জনমত এখন ট্রাম্পকে অভিশংসনের পক্ষে : পেলোসি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৪

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসি বলেছেন, জনমত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পক্ষে। শনিবার টেক্সাস ট্রিবিউন নিউজ ওয়েবসাইটের এক অনুষ্ঠানে পেলোসি বলেন, জনমত এখন পরিবর্তন হয়ে গেছে। যারা জানেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে চলে গেছেন। বিশেষ করে অভিযোগ এবং ইন্সপেক্টর জেনারেলের রিপোর্ট পাওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তারা এখন ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে দেখতে চান না। তিনি বলেন, অভিশংসন তদন্তের ব্যাপারে ডেমোক্র্যাটরাও সতর্কতার সঙ্গে কাজ করছেন। কারণ আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে। গত ২৫ জুলাই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে বলেন। না হলে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তা স্থগিতেরও হুমকি দেন। বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনী ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বি বলে মনে করা হচ্ছে। -রয়টার্স