গাজীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধে স্কুলছাত্র খুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

সহপাঠী আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। রবিবার রাতে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ আহসান শ্রাবণ (১৪) ওই এলাকার  সাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় গাছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে এমরান নামে আরও একজন। শ্রাবণের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার চান্দরা এলাকায় বিক্ষোভ করেছে তার স্কুলের সহপাঠীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছেন।

নিহতের চাচা আজহারুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৭টার দিকে চান্দরা এলাকার একটি মাঠে শ্রাবণ, নাহিদ, জাহিদ ও তপু ব্যাডমিন্টন খেলছিল। এ সময় বৈদ্যুতিক লাইট লাগানো নিয়ে তপু ও শ্রাবণের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হাতে শ্রাবণ ও এমরান আহত হয়। একপর্যায়ে শ্রাবণ আহত অবস্থায় দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে লুকানোর চেষ্টা করে। পরে হামলাকারীরা ওই বাড়িতে গিয়ে শ্রাবণকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শ্রাবণকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, শ্রাবণের হাত,                 বুক এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত এমরানকে  ঢাকা মেডিক্যাল                  কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সরু মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে।