ফেনসিডিল বহনের অভিযোগে ৭ বছর কারাদণ্ড

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

ফেনসিডিল বহনের দায়ে নাসিমা বেগম (৩২) নামের এক মহিলাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইবুনাল-৪ এর বিচারক রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন। একই সঙ্গে ওই মহিলাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নাসিমা বেগম নাটোরের লালপুর উপজেলার চক বাদকয়া গ্রামের ইদবার হোসেনের স্ত্রী। রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

নাটোরের স্পেশাল ট্রাইবুনাল-৪ এর সহকারি সরকারি কৌঁসুলি (এপিপি) লুৎফর রহমান জানান, ২০০৩ সালের ১০ ডিসেম্বর লালপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান লালপুর বাসস্টেন্ড থেকে নাসিমা বেগমকে ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক করেন। 

আরও পড়ুন : ভাণ্ডারিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

এ ব্যাপারে মামলা হলে উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ওই মহিলার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারে আসলে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। বিচারে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে উল্লেখিত দণ্ড দেওয়া হয়।

ইত্তেফাক/কেআই