ইত্তেফাক ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন খুনীদের হস্তান্তর করবে না সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল-আল-জুবায়ের এই কথা জানান। তিনি রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সৌদি নীতিতে তার নিজ দেশের নাগরিককে অন্য দেশের কাছে হস্তান্তরের বিধান নেই। গত বুধবার খাশোগি হত্যায় প্রধান সন্দেহভাজন হিসেবে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং সৌদি যুবরাজের সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তুরস্কের একটি আদালত। এদিকে মার্কিন মিডিয়া সিএনএন জানিয়েছে, হত্যার সময় খাশোগির শেষ বাক্যটি ছিল-‘আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে’। ওই সময়ের অডিও টেপের সূত্রের বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানায়। - আল জাজিরা
