যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফকে গ্রেফতার করা উচিত। এই দাবির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে অভিশংসনের তদন্তে নিয়োজিত আইনপ্রণেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত আরো দ্রুততর করার পরিকল্পনা করছেন। খবর রয়টার্সের।
টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কংগ্রেসম্যান অ্যাডাম স্কিফ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া এবং ভয়ংকর বিবৃতি দিয়েছেন। কংগ্রেস এবং আমেরিকানদের মধ্যে এমন ধারণা সৃষ্টি করা হচ্ছে যেন ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই এটি। অথচ এটা তেমন কোনো বিষয়ই নয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হোক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হুইসেলব্লোয়ারের আইনজীবী সতর্ক করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য তার মক্কেলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
তদন্ত আরো দ্রত হচ্ছে
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত আরো দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্র্যাটরা। চলতি সপ্তাহে তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষাত্কার নেবেন। এদের মধ্যে তথ্য ফাঁসকারী গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন। রবিবার অ্যাডাম স্কিফ বলেছেন, আশা করা হচ্ছে শিগগিরই হুইসেলব্লোয়ার সাক্ষাত্কার দেবেন। গত ২৫ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। তাতে তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার কথা বলেন। না হলে তিনি ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দেন। ফোনকলের ধারণ করা অংশ গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে হোয়াইট হাউজ। ফোনালাপ ফাঁস করেন এক সিআইএ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা একসময় হোয়াইট হাউজে কাজ করতেন। হোয়াইট হাউজ ঐ ফোনকলের তথ্য প্রকাশ করতে চাইছিল না। একটি সূত্র তাকে এই তথ্য জানিয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি করেছেন। তারা তদন্তও শুরু করেছেন। দেখা হচ্ছে, এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিস্বার্থে কিছু করেছেন কি না
