সংগ্রামটা আমার একার

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২০:৩০

অপু বিশ্বাস। সামনে তার নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। সন্তানকে নিয়ে একার সংগ্রাম কিংবা বিয়ে গুঞ্জন ও দেশের চলচ্চিত্রের অবস্থা নিয়ে কথা বললেন। সাক্ষাত্কার নিয়েছেন তারিফ সৈয়দ

নতুন ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুক্তি পাচ্ছে। কিন্তু নিন্দুকরা বলে আপনার হাতে নাকি ছবি নেই?

হা হা হা। এটা ভালো বলেছেন। নিন্দুককে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেবেন। আজ কার হাতে ছবি আছে বলুন তো? ইন্ডাস্ট্রিতে এখন হাহাকার। প্রতিমাসেই এক-দুটি ছবির স্ক্রিপ্ট আসে। ফিরিয়ে দিই। আর শোনেন, শাকিব খানের সঙ্গে ৭৬টি ছবি ব্যবসাসফল। এই রেকর্ডের ধারে কাছে আসুক আগে অন্য কোনো নায়িকা। তখন না হয় নতুনভাবে রেস শুরু করবো। আমি অনুরোধ করবো শাকিব-অপু জুটির এই রেকর্ডটি গিনেজ বুকে পাঠানোর জন্য কেউ যেন উদ্যোগ নেয়।

তার মানে এখন সন্তানকে ঘিরেই অধিকাংশ সময় কাটছে ...

না, স্টেজ পারফর্মেন্স, নিজের পরিবার দেখাশোনা, স্কুল থেকে ছেলেকে  পিক-ড্রপসহ সবকিছুই তো আমার একারই করতে হয়।

কেন ছেলে জয়ের জন্মদিন কিংবা স্কুলের অভিভাবক মিটিংয়ে বাবা শাকিব খান ছেলেকে দেখতে যান না?

মিথ্যে বলে লাভ কী। আমি ছেলেকে পিক-ড্রপ করার জন্য বাবার নাম, গাড়ির স্টিকারসহ সব ব্যবস্থা রেখেছি। কিন্তু বাবা এতটাই ব্যস্ত গত ১ বছরে একটি দিনও স্কুলে ছেলেকে দেখতেও যাননি। একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার একারই ছেলের দুধ কেনা থেকে শুরু করে সব দায়িত্বই মাথায় রাখতে হয়। কোনো সাপোর্ট পাইনি। তাতে দুঃখ নেই। কিন্তু সংগ্রামটা আমার একার। এটা সবার জানা উচিত। তাই আমাকে নিয়ে পেছনে কটুকথা বলার সময় যেন একজন মা অপু বিশ্বাসের বিষয়টি ভেবে সবাই বলেন। 

কলকাতায় নচিকেতার স্ক্রিপ্টে ‘শর্টকাট’ ছবিটির আপডেট কী?

ওই ছবিটির অল্প কিছু কাজ বাকি রয়েছে। আর্থিক কিছু সঙ্কটের কারণে এই বিলম্ব। সেটিরও সমাধান হয়ে গেছে অলরেডি।

চিত্রনায়ক বাপ্পীকে নাকি বিয়ে করেছেন? এমন খবরে চাউর পুরো অনলাইন মিডিয়া!

হ্যাঁ, আমিও দেখেছি। অপেক্ষায় ছিলাম কেউ বানানো কাগজপত্র দিয়ে নিউজ করে কি-না। কী আর বলবো। বিয়ে, আবার বাপ্পীকে! একে তো ও আমার ছোট। সেটি না হয় কোনো সমস্যা না বুঝলাম। কিন্তু আমার লেবেলে বা আমার মানসিকতায় কী বাপ্পী যায়? আপনিই বলুন! গুঞ্জন ছড়ানোর ক্ষেত্রেও একটু বিশ্বাসযোগ্যতার কথা ভাববেন প্লিজ!

তার মানে বাকিজীবন কী একাই থাকার পণ করেছেন?

আসলে এই মুহূর্তে এ সবকিছু আমার ভাবনায় নেই। তবে হ্যাঁ, আমার পরিবার আমার বিয়ে নিয়ে প্রচুর আলোচনা করছে। কিন্তু এখনই আমার কোনো সিদ্ধান্ত নেই।