বিনোদন ডেস্ক
বিয়ের পর থেকে ভারতে এখন অতিথি হিসেবেই আসেন প্রিয়াঙ্কা চোপড়া। বছরে মাত্র কয়েকবার হয়তো। তাই বলিউডের সিনেমার কোনো আলোচনাতেও নেই অনেকদিন। তাই বলে বসেছিলেন না তিনি। এরইমধ্যে হলিউডের একটি সিনেমাও সেরেছেন। অনেকদিন পর বলিউডে আবারো মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমা। ‘দ্য স্কাই ইজ পিংক’ শিরোনামের সিনেমাতে ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজদের তালিকাতেও রয়েছে তার নাম। সম্প্রতি নতুন সিনেমার প্রচারণার জন্য ভারত সফরে আসেন প্রিয়াঙ্কা। প্রচারণার জন্য শুরুতে রাজস্থানে যান তিনি। সাধারণত প্রিয়াঙ্কার সঙ্গেই সবখানে দেখা যায় তার স্বামী নিক জোনাসকে। তবে প্রিয়াঙ্কার এবারের সফরে তার সঙ্গে দেখা যায়নি নিককে। বিয়ের পর বলিউডে তার অনিয়মিত হওয়াটা অনেকেই ইতিবাচকভাবে দেখছেন না। এ নিয়ে বহুবারই অনেকে মন্তব্য করেছেন। এত প্রতিভাবান একজন অভিনেত্রীর বলিউডে অনিয়মিত হওয়াটা মেনে নিতে পারেননি ভক্তরা। তবে তার নতুন সিনেমায় খুশি সবাই।
