প্রথম টেস্টের
একাদশ ঘোষণা
স্পোর্টস ডেস্ক
রীতি ধরে রেখে একদিন আগেই বিশাপটনম টেস্টের জন্য একাদশ ঘোষণা করে দিয়েছে ভারত। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একাদশে ঠাঁই করে নিয়েছেন ওপেনার রোহিত শর্মা। যদিও, প্রস্তুতি ম্যাচে প্রত্যাশামাফিক পারফরম করতে পারেননি তিনি।
তবে, রোহিতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন টেস্টে ভারতের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি বলেন, ‘ও অনেক পরিশ্রম করেছে। সেটাই ওকে সুযোগ করে দিয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি সে ভালো করবে। তার মান সম্পর্কে আমরা সবাই জানি। এক কথায় ওর মতো একজনকে পাওয়াটা আমাদের জন্য বিরাট পাওয়া।’
তবে, চমকটা অন্য জায়গায়। মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে অনেকদিন ধরেই আলোচিত হওয়ার ঋষভ পান্তের একাদশে জায়গা হয়নি। তার পরিবর্তে খেলবেন ঋদ্ধিমান সাহা। টানা ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবেন তিনি।
অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘ঋদ্ধিমান সাহা ফিট আছে এবং সে খেলবে। প্রথম ম্যাচ থেকেই সে আমাদের সঙ্গে থাকছে। তার পারফরমেন্স দেখার জন্য প্রত্যেকে মুখিয়ে রয়েছে। সে যখনই সুযোগ পেয়েছে ভালো খেলেছে, ব্যাট হাতে রান করেছে। ইনজুরির কারণে দুর্ভাগ্যক্রমে বেশ কিছুদিন সে দলের বাইরে ছিল। আমার মতে সে বিশ্বের সেরা উইকেটরক্ষক। এই অবস্থায় সে আগে যা করেছে, সেটা আমাদের মাথায় আছে। আশা করি, এবারও সেই ধারাবাহিকতা থাকবে।
২০১৮ সালে জানুয়ারিতে ভারতের হয়ে সর্বশেষ খেলেছিলেন সাহা। এরপর ইনজুরিতে পড়েন তিনি। ৩২ টেস্টে ৩ সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরি নিয়ে ৩০.৬৩ গড়ে ১১৬৪ রান আছে ৩৪ বছর বয়সি সাহার।
সাহা ছিটকে যাওয়ার পর উইকেটরক্ষক হিসেবে সুযোগ হয় পান্তের। একাদশে সুযোগ পেয়েই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি চমকে দেন তিনি। ভারতের একমাত্র উইকেটরক্ষক হিসেবে এমন কীর্তি গড়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি পান্ত। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরু থেকেই একাদশের বাইরে থাকতে হচ্ছে তাকে।
ভারতীয় কন্ডিশনের কথা বিবেচনা করেই একাদশে দুই জন স্পিনার রেখেছে ভারত। রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। বোঝাই যাচ্ছে, লড়াইটা সহজ হবে না প্রোটিয়াদের জন্য। সাম্প্রতিক ফরমও বিরাট কোহলির দলের পক্ষে আছে।
দেশের মাটিতে সাম্প্রতিক সময়ে নিজেদের অজেয় বলেই প্রমাণ করেছে ভারত। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে গেল বছরের অক্টোবর পর্যন্ত ১০টি টেস্ট সিরিজ জিতেছে কোহলি-রাহানেরা । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে টেস্ট ইতিহাসে দেশের মাটিতে এক টানা সর্বোচ্চ ১১ সিরিজ জয়ের রেকর্ড গড়বে বিরাট কোহলির দল। আর এটা হলেই তারা ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়াকে। টানা ১০টি সিরিজ জয় করে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে ভারতীয় দলটি।
যদিও, ভারতকে একবিন্দুও ছাড় দিতে নারাজ সফরকারীরা। দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন। বললেন, ‘এটা ভিন্ন কন্ডিশন। প্রথমেই আমরা পিছিয়ে থেকে শুরু করব। তবে, চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আমাদের প্রথম কাজ হবে ভারতকে চাপে রেখে ভালো পারফরমেন্স করা।’
