ক্রেইগ ব্র্যাথওয়েটকে বোলিংয়ে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে রেহাই পেলেন এই ক্যারিবিয়ান। ৫৮ ম্যাচে ১৮টি টেস্ট উইকেট পাওয়া ব্র্যাথওয়েট ভারতের বিপক্ষে হোম সিরিজে তার বোলিং অ্যাকশনে আইসিসির নিষেধাজ্ঞা পান। পরে গত ১৪ সেপ্টেম্বর লাফবোরোতে তার বোলিং পর্যবেক্ষণ করা হয়। এ সময় তার সব ডেলিভারিতেই কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির মধ্যেই ছিল বলে আইসিসি ফলাফল দেয়। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথমবারের মতো অভিযোগ উঠেছিল। তবে লাফবোরোতে অনুষ্ঠিত আরেকটি পরীক্ষায় ঐ সময়ও তিনি আইসিসির সবুজ সংকেত পেয়েছিলেন।
