সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাদাপানিতে একাকার হয়ে যায়। এ সময় রাস্তাটিকে মনে হয় হাল চাষ করা জমি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী চানপাড়া মিরের দেউলমুড়া ছয়আনী ব্রিজ পর্যন্ত মাত্র ১ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় গ্রামের দুই সহস্রাধিক মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই কাঁচা রাস্তা ধরে গেলে ছয়আনি ব্রিজ। এই ব্রিজ থেকে পাকা সড়ক ধরে পূর্ব দিকে হাটপাঙ্গাসী বাজার এবং পশ্চিম দিকে গ্রামপাঙ্গাসী বাজার। গ্রামের ছেলেমেয়েরা এই কাঁচা রাস্তা দিয়েই গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজ এবং পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে থাকে। গ্রামটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। গ্রামের একমাত্র রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টি হলে হাট-বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে দুর্ভোগের শেষ থাকে না। তখন ব্যাটারি চালিত অটো ভ্যান, ভটভটি ও মটর সাইকেল এই রাস্তা দিয়ে চলতে পারে না। বাই সাইকেলও চলে না। এমনকি হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। গ্রামের বাসিন্দা মো. আবুল কাসেম বলেন, ১০-১৫ বছর ধরে রাস্তাটা পাকা করে দেওয়ার কথা শুনে আসছি নেতাকর্মীদের মুখে। কিন্তু আজ পর্যন্ত সেই কাঁচা রাস্তা আর পাকা হলো না। পরিশেষে, রাস্তাটি অবিলম্বে পাকা করার জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
