বানারীপাড়ার চাখার হাসপাতাল
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ার চাখার ১০ শয্যার হাসপাতালের বেহাল দশা। দ্বিতল ভবনের পলেস্তারা খসে পড়ে কক্ষগুলোতে ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে পানি জমা হয়ে সব মেঝে সয়লাব হয়ে যায়। হাসপাতালের নিচ তলার অবস্থাও একই রকম।
সরেজমিনে দেখা গেছে, ডাক্তারদের কক্ষের ছাদের পলেস্তারা যে কোনো সময় ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এ হাসপাতালের ডাক্তার ও নার্সদের কোয়ার্টারেও দীর্ঘ দিন ধরে ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে।
এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত স্যাকমোর ডাক্তার তাসলিমা বলেন, আমার রুমটির পূর্বের বসার স্থান পরিবর্তন করে নিজের নিরাপত্তার জন্য অন্য স্থানে বসে কাজ করছি। সেখানেও মারাত্মক বিপদের মধ্যে রয়েছি, কখন ছাদ ভেঙে পড়ে।
ফার্মাসিস্ট হাসনাইন আহম্মেদ জানান, এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কর্মীদের অভিযোগ—প্রকৌশলীরা ভিজিট করেন, পরিস্থিতি দেখেন; কিন্তু কোনো প্রতিকার হয় না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি।
চিকিত্সাসেবা নিতে আসা সামিয়া বেগম জানান, আমি অনেক দূর থেকে আমার ছয় বছরের ছেলেকে ডাক্তার দেখাতে আসি; কিন্তু হাসপাতালটি দেখে মনে হচ্ছে—এটারই চিকিত্সা আগে দরকার।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান জানান, চাখার হাসপাতালের বেহাল দশার ব্যাপারে অনেক বার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এ হাসপাতালের স্টাফরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।
