বরলেখায় স্কুলশিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বরলেখায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম একাত্তরের রণাঙ্গনের বিভিন্ন কথা যখন শোনাচ্ছিলেন, তখন শ্রেণিকক্ষগুলোতে ছিল পিনপতন নীরবতা। লড়াই-সংগ্রামের গল্প শুনে কখনো শিহরিত হচ্ছিল, কখনো মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী নিরীহ বাঙালির ওপর পাকসেনাদের নির্মম অত্যাচার-নির্যাতনের কাহিনি শুনে আবেগাপ্লুত হয়ে পড়ছিল শিক্ষার্থীরা।
মুক্তিযুদ্ধকালীন গল্প বলতে গিয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের লাখো শহিদের আত্মত্যাগের কাহিনি জানা দরকার। দেশকে ভালোবাসতে হবে।’
পরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, সাবেক বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ। প্রশ্ন-উত্তর শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
