আহত এক
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। বন্যহাতির তাড়া খেয়ে পড়ে গিয়ে হাত-পা ভেঙে আহত হন আব্দুল খালেকের ছেলে ওমর ফারুক (৪৫)। নিহতের নাম রিপন চক্রবর্তী (৫০)। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা দুই নম্বর ওয়ার্ড এলাকায়। নিহত রিপন এলাকার মৃত খোকন চক্রবর্তীর ছেলে।
ব্রাহ্মণডাঙ্গা দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ জানান, গভীর রাতে বন্যহাতির একটি দল চরতি ইউনিয়নের লোকালয়ে নেমে এসে ওমর ফারুকের টিনশেডের ঘরে ধাক্কা দেয়। প্রথমে ফারুক ও তার ভাই আহমদ কবির বিষয়টি বুঝতে পারেনি। তার দুই ভাই ঘরে ধাক্কা লাগার বিষয়টি দেখার জন্য বাইরে এলে কিছু বুঝে ওঠার আগেই বন্যহাতির পাল তাদের তাড়া করে। দুই ভাই হাতির তাড়া খেয়ে পালানোর সময় গর্তে পড়ে হাত-পা ভেঙে গুরুতর আহত হন ফারুক। হাতির পাল দুই সহোদরকে তাড়া করে চলে যাওয়ার সময় পথে রিপন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে সামনে পেয়ে তাকে তুলে আছাড় দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
চরতি ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কয়েক বছর ধরে এ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যহাতি হানা দিচ্ছে। বিশিষ করে শুষ্ক মৌসুম আসার আগমুহূর্ত হতে পুরো মৌসুম জুড়ে খাদ্যাভাবে বনের হাতির পাল লোকালয়ে নেমে এসে জান-মালের ক্ষতি করছে।
