রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে তিন ভুয়া সাংবাদিকসহ চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলা সদর আলেকজান্ডারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ডাক-বাংলো থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিজয় টিভির স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাস, ভিডিও ক্যামেরা, বিজয় টিভি এবং বাংলা টিভির দুইটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
আটককৃতরা হচ্ছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মৃত দুলাল ব্যাপারীর ছেলে হূদয় হোসেন (২৩), নওগাঁর আত্রাই উপজেলার আবদুল খালেক সরদারের ছেলে মাসুদ রানা (২৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদল মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২৩) এবং তাদের গাড়িচালক নোয়াখালীর সদর উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, আটককৃতরা গত দুই দিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট থেকে প্রতারণা করে অবৈধ সুযোগ-সুবিধা আদায় করে আসছে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বিজয় টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনকে জানালে সোহেল এ ব্যাপারে বিজয় টিভির প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে অফিস থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, খবর পেয়ে তিন ভুয়া সাংবাদিকসহ চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন বাদী হয়ে রামগতি থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতদের গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
