টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২৩

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে চাঞ্চল্যকর গৃহবধূ মনটি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রনি ঘোষ টাঙ্গাইল শহরের সাহা পাড়ার রবি ঘোষের ছেলে। রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও আসামিকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। আসামি পলাতক রয়েছে।

মামলার অপর দুই আসামি মনটি ঘোষের শ্বশুর রবি ঘোষ ও রবি ঘোষের আরেক ছেলের বউ পূর্ণিমা ঘোষকে বেকসুর খালাস দেয়া হয়।

টাঙ্গাইলের পিপি এস আকবর খান জানান, গাজীপুর জেলার নীলনগর গ্রামের চিনি ঘোষের মেয়ে মনটি ঘোষের সঙ্গে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের ২০১৩ সালের ৩০ জুন বিয়ে হয়। বিয়ের পর ১০ লাখ টাকা যৌতুকের জন্য ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী রনি ঘোষসহ পরিবারের অন্যরা মনটি ঘোষকে গলাটিপে হত্যা করে। পরের দিন নিহতের মা চিনি ঘোষ বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।