শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের বাঁধের ধসের কারণে নড়িয়ার উত্তর কেদারপুর গ্রামের ৫৮টি পরিবার তাদের বসতঘর সরিয়ে নিয়েছে। এর আগে ১২টি বসতঘর বিলীন হয়েছে।
বাঁধের ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলছে। পাউবোর গত তিন দিনের তত্পরতায় বাঁধের ঐ অংশের ভাঙন বন্ধ রয়েছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসন থেকে সহায়তা করা হচ্ছে। তাদের পুনর্বাসন করারও উদ্যোগ নেওয়া হবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাস কৃষ্ণ সরকার বলেন, বাঁধের যে অংশে ধস দেখা দিয়েছিল তা বন্ধ করা হয়েছে। ঐ স্থানে তিনটি বার্জ দিয়ে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। নদীর স্রোত ও পানি না কমা পর্যন্ত জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলবে।
