কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২৪

চলবে ৩০ অক্টোবর পর্যন্ত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নতুন নিয়মে অনুষ্ঠিত হবে। এত দিন শুধু এমসিকিউয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু এবারই প্রথমবারের মতো এমসিকিউ এর পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষাও। নতুন পদ্ধতিতে দেড় ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ অংশের ৭৫ নম্বর এবং লিখিত ২৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

পাঁচটি ইউনিটের মধ্যে ১৭ নভেম্বর ‘এ’ ইউনিট, ১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৮১০ টাকা।

উপাচার্য দপ্তরের উপপরিচালক এস এম হাফিজুর জানান, ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jkkniu.edu.bd)- এ পাওয়া যাবে।