যশোর অফিস
যশোর শহরে পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন এখানকার বাসিন্দাসহ শহরে নানা কাজে আসা সাধারণ মানুষ। প্রায় ৪ লাখ শহরবাসীর জন্য মাত্র ৯টি গণশৌচাগার থাকলেও সেগুলোর অবস্থা নাজুক। অধিকাংশই ব্যবহার অনুপযোগী। কোনো কোনোটা আবার বন্ধও রয়েছে দীর্ঘদিন। ফলে প্রতিনিয়ত কাজের প্রয়োজনে শহরে আসা মানুষদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এক্ষেত্রে নারীরা পড়েন সবচেয়ে বিড়ম্বনায়। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে প্রকল্প হাতে নিয়ে এই সমস্যার সমাধান করা হবে।
সূত্র জানায়, ১৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার আয়তনের যশোর পৌরসভায় রয়েছে মাত্র ৯টি গণশৌচাগার, যা ৪ লাখ পৌরবাসীর জন্য পর্যাপ্ত নয়। প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার মানুষদের। শহরের বড়ো বড়ো মার্কেটগুলোতে গণশৌচাগার না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক নারীকে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় স্বাস্থ্যসম্মত গণশৌচাগার স্থাপনের।
রিকশাচালক আমিনুল কবীর সুমন বলেন, ‘আমরা শহরে সারাদিন রিকশা চালাই। এর মধ্যে যদি প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, তার কোনো জায়গা নেই। ফলে বাধ্য হয়েই আমাদের কোনো হাসপাতাল বা মসজিদে যেতে হয়। এক্ষেত্রে পৌরসভা যদি শহরের দড়াটানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার করে দেয়, তাহলে আমাদের মতো মানুষের উপকার হয়।’ শহরের বাসিন্দা অরুণ কুমার বলেন, ‘শহরে যে দু-একটি গণশৌচাগার রয়েছে তার অবস্থাও খারাপ। এগুলো রক্ষণাবেক্ষণ দরকার।’
যশোর পৌরসভার সচিব আজমল হোসেন বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্যসম্মত গণশৌচাগার করতে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে প্রকল্প হাতে নিয়ে এ সমস্যার সমাধান করতে পারব।’
