শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বঙ্গোপসাগরে ট্রলিং ট্রলারের ধাক্কায় ফিসিংবোট এফবি আলকরিম থেকে সাগরে পড়ে যাওয়া তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঐ জেলেরা তাদের বাড়িতে ফিরেছে।
এফবি আলকরিম ফিসিংবোটের মালিক বাংলাদেশ ফিসিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম খোকন জানান, রবিবার রাতে ১ নম্বর ফেয়ারওয়ে বয়ার দক্ষিণে সাগরে মাছ ধরার সময় চট্টগ্রাম এলাকার ট্রলিং ট্রলার এফবি ছেমি পাওয়ার-৪ এর ধাক্কায় তার বোটের তিন জেলে সাগরে পড়ে নিখোঁজ হয়। সোমবার ভোররাতে শরণখোলা উপজেলার জামাল আড়তদারের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক বোটের জেলেরা সাগরে ভাসতে থাকা ঐ তিন জেলেকে উদ্ধার করে মহিপুর মত্স্য বন্দরে নিয়ে যায়। জেলেরা হচ্ছে জাফর, খোকন ও মনির। তাদের বাড়ি শরণখোলা উপজেলায়।
