গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২৮

ভারতের গুজরাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন। সোমবার উত্তর গুজরাটের বনসকণ্ঠ এলাকায় একটি যাত্রীবাহী বাস উলটে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারান বাসের চালক। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিলাসবহুল বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আম্বাজি-দান্তা জাতীয় সড়কের ত্রিশুলাঘাটে বাসটি সরিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে দুটি বুলডোজার।

পুলিশ জানিয়েছে, আহতদের দান্তা ও পানলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসক সন্দীপ সাগলে। আহত ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। জেলা প্রশাসক বলেন, আহতদের চিকিত্সা এবং মৃতদের ময়নাতদন্তের জন্য দুইটি হাসপাতালেই আমরা আরো চিকিত্সক পাঠিয়েছি। সব যাত্রীই একই গ্রামের বাসিন্দা ছিলেন। আম্বাজি মন্দির থেকে ফিরছিলেন তারা। এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।