আশ্বাস অস্ট্রেলীয় হাইকমিশনারের
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট বলেছেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি এবং টেকসই সমাধানে বাংলাদেশ, মিয়ানমার, অন্যান্য আঞ্চলিক অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা ইস্যুতে অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে কসমস সংলাপের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের আওতায় ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী কসমস গ্রুপের সংস্থা কসমস ফাউন্ডেশন স্থানীয় একটি হোটেলে এ সংলাপের আয়োজন করে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
হাইকমিশনার নিবলেট বলেন, অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করবে। ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরো বেশি জোরদার হবে। সংলাপে অন্যদের মধ্যে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফোনতাইনে, ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী ও মো. তৌহিদ হোসেন, ব্যবসায়ী নেতা সালাউদ্দিন কাশেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
