বিআরডিবির প্রকল্প কর্মচারীদের অবস্থান

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:৫২

চাকরি জাতীয়করণের দাবি

ইত্তেফাক রিপোর্ট

বিআরডিবির প্রায় ১৫টি প্রকল্পভুক্ত ৮ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন যাবত্ বেতন ভাতাবিহীন মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় চাকরি করার পরও তাদের চাকরি স্থায়ীকরণ হচ্ছে না। এমতাবস্থায়, তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে পল্লী ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবির মধ্যে রয়েছে— চাকরি স্থায়ীকরণ, শতভাগ বেতনভাতা প্রদান ও বিআরডিবি’কে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ ঘোষণা। গত ১ সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়। গতকাল মঙ্গলবার ছিল আন্দোলনের ৩১তম দিন।

নেতৃবৃন্দ বলেছেন, তাদের দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচি দেবে। ‘বিআরডিবি’র প্রকল্পভুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ’ এর ব্যানারে তারা এ আন্দোলন করে আসছে। ঐক্য পরিষদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম ও অন্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিনে বিআরডিবি’র আওতায় পরিচালিত এ সকল প্রকল্পে মূল চালিকা শক্তিই হচ্ছে প্রকল্প কর্মসূচির জনবল। এই ১৫টি প্রকল্পের অধীনে ৮ হাজার কর্মকর্তা-কর্মকর্তা রয়েছেন। যারা তাদের সর্বোচ্চ শ্রম ও মেধাদিয়ে দিনরাত পরিশ্রম করে আসছে। জিডিপিতে যাদের একক অবদান ১ দশমিক ৯৩ শতাংশ।