দিন রাত সমান তালে চলছে প্যাকেজিং
বরিশাল অফিস
বরিশালের পাইকারি বাজারে ইলিশে সয়লাব হলেও ভারতে ইলিশ রপ্তানির ঘোষণায় ব্যবসায়ীদের কারসাজিতে দাম চড়া। বাজারে মাছ আসছে খবর পেয়ে ক্রেতারা গিয়ে শূন্য হাতে ফেরত আসছেন। নদনদী থেকে ট্রলার বোঝাই ইলিশ আসলেও তার কোনো প্রভাব নেই বাজারে। ভারতের জন্য সব ইলিশ সংগ্রহ করায় প্রভাব পড়েছে অন্যান্য মাছের দামেও। সাধারণত পাইকারি বাজারে ইলিশ মিললে অন্যান্য মাছের দাম কমতে থাকে। কিন্তু এবার ইলিশ পাওয়া গেলেও তা স্থানীয় পাইকাররা ক্রয় করতে না পারায় অন্যান্য মাছের বাজারও চড়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী ঘোষণা অনুসারে বরিশাল থেকে ইলিশ মাছ যাচ্ছে ভারতে। এখানকার বৃহত্ পোর্ট রোডের পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, গত মাসের শেষের দিকে ৫৫৬ মণ ইলিশ বরিশাল মত্স্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল সংগ্রহ করে ভারতে পাঠিয়েছেন। এরপর ৩০ সেপ্টেম্বর আরো ২০০ মণেরও বেশি ইলিশ তিনি পাঠিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে এখানকার পাইকারি বাজার থেকে ৬০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ সংগ্রহ করে মজুত করা হচ্ছে। এর আগে যখন ইলিশ রপ্তানি হতো তখনো এই সাইজের ইলিশই পাঠানো হতো।
শত শত মণ ইলিশ সংগ্রহের পর দিন-রাত সমান তালে প্যাকেজিংয়ের পর তা গাড়ি ভর্তি করা হচ্ছে। তবে কি মূল্যে এই মাছ ভারত যাচ্ছে এবং শুধু বরিশাল থেকে কি পরিমাণ মাছ ভারতে যাবে সে ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি কেউ।
প্রসঙ্গত:সম্প্রতি প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে বাংলাদেশ থেকে বন্ধুপ্রতিম দেশ ভারতের জন্য ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নেন। তারই অংশ হিসেবে বরিশাল থেকে পাঁচ দিন যাবত্ মাছ পাঠানো হচ্ছে ভারতের উদ্দেশ্যে।
