খুলনা মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির বলেন, আইএস দায় স্বীকার করেছে কি না তা তার জানা নেই।
এদিকে বোমা হামলার তদন্তে নেমেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটসহ বেশ কয়েকটি গোয়েন্দা দল। কেএমপির মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বলেন, মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটে। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল ক্ষতিগ্রস্ত হয়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
