ছাত্রীকে যৌন হয়রানি এবং গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে অভিযুক্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাময়িক বহিষ্কৃত সহকারী অধ্যাপক মো. রমজান আলীকে বাঁচাতে ভিসি আবুল কাশেম ইউজিসির কাছে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিনাজপুর প্রেসক্লাবে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে তদন্তে প্রমাণিত হওয়ার পরও ছাত্রীর যৌন নির্যাতনকে মানসিক নির্যাতন উল্লেখ করে চিঠি দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের পাশাপাশি গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের তথ্য গোপন করায় উপাচার্য নৈতিকভাবে তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে পদত্যাগের দাবি জানানো হয়। উল্লেখ্য, উক্ত রমজান আলীর স্ত্রী রাজশাহী শিশু ও নারী নির্যাতন আদালতে একটি মামলা দায়েরও করেছেন।
দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, উদীচীর সভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, মহিলা পরিষদের সহসভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, সহসাধারণ সম্পাদক মনোয়ারা সানু প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
