ব্যাপক বিক্ষোভে উত্তাল হংকং

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২২:৩১

চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তির দিনে গতকাল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হংকং। এই সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী আহত হয়েছেন। গত চার মাস ধরে চলা আন্দোলনে এই প্রথম কোনো বিক্ষোভকারীর নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হওয়ার ঘটনা ঘটল। খবর বিবিসি ও রয়টার্সের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে একরকম ইঁদুর-বিড়াল খেলা হয়। পুলিশকে লক্ষ্য করে সরকারবিরোধীরা ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেন। শপিংমলের ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সরকারি অফিসের এলাকা হিসেবে পরিচিত এডমিরাল্টি এরিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস ও গরম পানি নিক্ষেপ করে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তুসেন ওয়ান এলাকায় ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারীকে গুলি করা হয়েছে। তার কাঁধে গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় একজন তাকে সাহায্য করতে গেলে আরেক পুলিশ সদস্য ওই ব্যক্তির ওপর হামলা চালায়। পুলিশ অনেক ফাঁকা গুলিও ছুঁড়েছে। হংকং পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তুসেন ওয়ানে কিছু দাঙ্গাবাজ পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। কর্মকর্তারা তাদের সতর্ক করলেও শোনেনি। আক্রমণ অব্যাহত রাখেন তারা। একজন পুলিশ কর্মকর্তার জীবন ঝুঁকির মুখে পড়ে। এ সময় সেখানে অন্য এক পুলিশ সদস্য হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়। আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ব্রিটেনে গুলির ঘটনাকে অন্যায় বলে দাবি করেছে।