সোয়া এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা। এ সময় ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়ে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। সামান্য বৃষ্টিতে খোদ ঢাকায় প্রতিনিয়ত যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বছরের পর বছর এ থেকে পরিত্রাণের কোনো উপায় নগরবাসীকে দিতে পারছে না সেবা সংস্থাগুলো। ফলে সামান্য বৃষ্টিতেই নগরবাসীকে ভোগান্তিতে পড়ার বিষয়টি যেন নিয়তি নির্ধারিত। তবে আগামী দুই/এক দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানায়, আমরা আগেই পূর্বাভাস দিয়েছিলাম যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। সেটাই হয়েছে।
শরতে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়। এর মধ্যে বেলা পৌনে ১২টা থেকে ২টা পর্যন্ত চলা একটানা ভারী বর্ষণে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক তলিয়ে যায়। এ সময় সড়কে থাকা গাড়িগুলো চলে ধীরেগতিতে। অনেক সড়কে চলন্ত গাড়ি বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় তীব্র যানজটের। এছাড়া পানিতে তলিয়ে থাকা সড়কের খানাখন্দে মোটরসাইকেল ও রিকশা উলটে অনেক যাত্রী আহত হন।
গতকাল মঙ্গলবার ভারী বর্ষণে রাজধানীর মতিঝিল, পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, ধানমন্ডি, যাত্রাবাড়ী, কাওরান বাজার, মিরপুরের বিভিন্ন এলাকা, কালশী, গ্রিন রোড, বাড্ডা, প্রগতি সরণিসহ পুরান ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব স্থানে জলাবদ্ধতার ফলে ঘরমুখো লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়। বাদ যায়নি স্কুল ফেরত শিক্ষার্থীরাও। এমন অবস্থায় ইচ্ছেমতো ভাড়া হাঁকায় রিকশা ও অটো চালকেরা। ফলে অনেককে হাঁটুপানি মাড়িয়ে পায়ে হেঁটে বাসায় ফিরতে হয়। ভোগান্তিতে পড়া একাধিক ব্যক্তি জানান, সড়কে বিভিন্ন সেবা সংস্থার ইচ্ছেমতো খোঁড়াখুঁড়ির ফলে ড্রেনেজ সিস্টেম অকার্যকর হয়ে পড়ছে। নেই সঠিক কোনো পরিকল্পনা। এই পরিকল্পনার অভাবে বছরের পর বছর জলাবদ্ধতায় নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১২০ মিলিমিটার । এছাড়া মাইজদীকোর্টে ১০৭ মিলিমিটার; ফেনীতে ৬৬ মিলিমিটার; কক্সবাজার ও খেপুপাড়ায় ৪৩ মিলিমিটার কুমিল্লায় ৪২ মিলিমিটার; সন্দ্ব্বীপে ৩৬ মিলিমিটার ও মাদারীপুরে ৬০ মিলিমিটার. বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া আজ বুধবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
