গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনায় ডাকাতদের হাতে গৃহকর্তা আব্দুর রউফ (৬০) খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্ত্রী মাজেদা বেগম (৫৫)। ডাকাতরা নগদ টাকা ছাড়াও ১০ ভরি স্বর্ণালাংকার লুট করে নিয়ে যায়। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ দক্ষিণ সালনা এলাকার মৃত আজগর ওরফে আগর আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
নিহতের ছেলে মো. মাজাহারুল ইসলাম জানান, কলাপসিবল গেটের তালা কেটে ১০/১২ জনের একটি ডাকাতদল রাতে আব্দুর রউফের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনদের আটকে রেখে লুট করতে থাকে। বাধা দিতে গেলে ডাকাতরা তার বাবাকে রড দিয়ে পিটিয়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। মা মাজেদা বেগম তার বাবাকে রক্ষা করতে গেলে চাপাতির আঘাতে তিনিও আহত হন। পরে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তার বাবাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. এজাজ শফি জানান, এটি ডাকাতি নয়। প্রাথকিভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
