ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা গণরুম সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত। এ সময়ের মধ্যে এই সংকট সমাধানে ব্যর্থ হলে গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে ওঠার হুমকি দেন তিনি। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গণরুম সমস্যা সমাধান ও নবীন শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভর্তির দাবিতে মানববন্ধন করে এই আল্টিমেটাম দেন তিনি।
মানববন্ধনে তিনি বলেন, গণরুম টিকিয়ে রাখার মধ্য দিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো সবাই সবার ফায়দা লুটে নেয়। গণরুমকে দাসত্ব কারখানায় পরিণত করেছে।
উপাচার্যকে উদ্দেশ্য করে এই সদস্য বলেন, ‘১৫ দিনের মধ্যে যদি গণরুম সমস্যার কোনো যৌক্তিক সমাধান না নেন, তাহলে আমরা সকল গণরুমবাসী আপনার বাসায় গিয়ে থাকা শুরু করব।
এসময় তিনি প্রথমবর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন বছরের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে সব প্যানেলের গণরুম বিলোপের ইশতেহার থাকলেও কার্যত সে দাবি আদায়ে কাউকে মাঠে সরব দেখা যায়নি। নিজের দায়বদ্ধতা থেকে হলের বৈধ সিট ছেড়ে গণরুমে থাকছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তিনি গণরুমেই থাকছেন। ঐ সময় ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারায় ক্ষমাও চান তিনি।
