আড়াইহাজারে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের চার দিন পর সোমবার রাতে থানায় মামলা হয়েছে। প্রভাবশালীদের চাপে থানায় আসতে না পেরে অবশেষে নির্যাতিত শিশুর মামা বাদী হয়ে ধর্ষক ও সহযোগীর বিরুদ্ধে এই মামলা করেন। ২৬ সেপ্টেম্বর উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের চরলক্ষ্মীপুরা আশ্রয় কেন্দ্রে ধর্ষণের ঐ ঘটনা ঘটে। ঐদিন আশ্রয় কেন্দ্রের ১৪ বছরের এক কিশোরীকে ঐ আশ্রয় কেন্দ্রে বসবাসরত সিপন (১৯) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন রাত দেড়টায় একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় তাকে সহযোগিতা করে জামাল (২০) নামে এক যুবক। পরে একটি প্রভাবশালী মহল ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি দেখায়। এ কারণে চার দিন পর সোমবার রাতে মামলা করা হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
