হকারদের পেটে লাথি না মেরে ক্যাসিনো হোতাদের গ্রেফতার করুন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, মদ-জুয়া খেলছে, বিদেশে টাকা পাচার করছে তাদের ধরুন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান। গতকাল মঙ্গলবার সদরঘাট বাহাদুর শাহ পার্কের সামনে হকারদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, একসময় ঢাকা শহরের কোথাও হকার ছিল না শুধু পুরান ঢাকা ছাড়া। তাই হকারদের ওপর জুলুম-নির্যাতন না করে অবিলম্বে তাদের বসতে দিয়ে পরিবার-পরিজন নিয়ে বাঁচার ব্যবস্থা করতে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনকে আহ্বান জানান তিনি। সমাবেশে অন্য নেতৃবৃন্দ বলেন, হকাররা দীর্ঘ ৩০-৪০ বছর ধরে ফুটপাতে ব্যবসা পরিচালনা করে জীবন-জীবিকা নির্বাহ করে। কোনো কারণ ছাড়াই তাদের উচ্ছেদ, পুলিশের জুলুম-অত্যাচার কোনোভাবেই মেনে নেব না। রাজপথে লড়াই-সংগ্রাম করে জীবন দিব তবু বিকল্প কর্মসংস্থান ছাড়া ফুটপাত ছাড়ব না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, হকার ব্যবস্থাপনার জাতীয় নীতিমালা প্রণয়ন ও পুরান ঢাকার উচ্ছেদকৃত ১০ হাজার হকারকে পুনর্বহাল করার দাবিতে বাহাদুর শাহ ভিক্টোরিয়া পার্কের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবীর। বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত্, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা মো. ফিরোজ, মো. আরিফ, কোতোয়ালি থানা কমিটির সভাপতি আব্দুল কাউয়ুম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান পাটোয়ারী, হকার নেতা মো. রবিন, মো. জাহাঙ্গীর, সামছুল হক মোড়ল, আবুল খায়ের প্রমুখ।
