তা হ মি না মি লি
২০১৪ সালে ‘ম্যালফিসেন্ট’ ছবিটি মুক্তির পর পর এ ছবির প্রধান তারকা জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বেশ জোর দিয়ে বলেছিলেন, ছবিটির সিক্যুয়াল নির্মাণ হতে পারে। এখন দুনিয়াজুড়ে জনপ্রিয় সব সিনেমার সিক্যুয়াল-প্রিক্যুয়াল নির্মাণের হুজুগ চলছে। ডার্ক ফ্যান্টাসি ধাঁচের হলিউডি সিনেমা ‘ম্যালফিসেন্ট’ নির্মিত হয়েছিল মূলত চার্লস পেরাওল্টের রূপকথার কাহিনি এবং ওয়াল্ট ডিজনির সাড়া জাগানো অ্যানিমেশন ফিল্ম ‘স্লিপিং বিউটি’র গল্প অবলম্বনে। ৯৭ মিনিটের সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের সাফল্য পেয়েছিল। জনবসতি থেকে দূরে এক জাদুর অরণ্যে বসবাসকারী সুন্দরী ম্যালফিসেন্ট নিজের আলাদা ভুবন গড়ে তোলে। শান্তিতে বসবাস করতে চাইলেও পার্শ্ববর্তী রাজ্যের রাজা সৈন্যসামন্ত নিয়ে আক্রমণ করে তার অস্তিত্ব হুমকিতে ফেলে দেয়। নিজের রাজপ্রসাদ রক্ষা করতে ম্যালফিসেন্ট তার সব জাদুকরী ক্ষমতা নিয়ে যুদ্ধে নামে, প্রতিরোধে লিপ্ত হয়। একসময়ের শুভ চিন্তার ধারক সুন্দরী রাণী ম্যালফিসেন্ট প্রতিশোধ নিতে ভয়ংকর হয়ে ওঠে। পার্শ্ববতী রাজ্যের রাজার কন্যাকে অভিশাপ দেয়। ফলে সেখানে সৃষ্টি হয় চরম আতঙ্ক। এরকম ঘটনা নিয়ে আবর্তিত ‘ম্যালফিসেন্ট’ ছবিটি সব বয়সী দর্শক সাদরে গ্রহণ করেছিল। বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির অসাধারণ অভিনয়গুণে ম্যালফিসেন্ট চরিত্রটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দর্শকমনে। অ্যাঞ্জেলিনা জোলি তার অভিনয়জীবনে বিচিত্র ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এজন্য বহু পুরস্কার, সম্মাননা ও জনপ্রিয়তা পেয়েছেন। তবে ম্যালফিসেন্ট চরিত্রটি ছিল তার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। বর্তমানে যেখানে সায়েন্স ফিকশন মুভির জোয়ার চলছে, সেখানে আজগুবি গল্পের রূপকথা সিনেমার পর্দায় সব বয়সী দর্শকের জন্য বিচিত্র স্বাদ বয়ে এনেছে সন্দেহ নেই। যে কারণে এ ধরনের সিনেমা বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করছে। ‘ম্যালফিসেন্ট’ ছবির বিরাট সাফল্য অভিনেত্রী জোলিকে ভীষণভাবে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিল। ফলে ঐ ছবির সাফল্যের পরপরই উচ্ছ্বাস নিয়ে বলেছিলেন, এ ছবির সিক্যুয়াল নির্মাণ সম্ভব। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এরমধ্যে নির্মিত হয়েছে আগের ছবির গল্পের ধারবাহিকতায় নতুন আরেকটি জমজমাট রূপকথার ফ্যান্টাসি সিনেমা ‘ম্যালফিসেন্ট :মিসট্রেস অব ইভিল’। মূল ভূমিকায় অ্যাঞ্জেলিনা জোলি তো রয়েছেন, তার সঙ্গে আগের সিনেমার আরো অনেক শিল্পী রয়েছেন নতুন এ ছবিতে। এলি ফ্যানিং, মিশেল পিফার, এড স্কেরিন, হ্যারিস ডিকিনসন্ট, স্যাম রিলে, ইমেলদা স্টাউন্টন, জুনো টেম্পল, লেসলি ম্যানভিল প্রমুখ তারকাশিল্পী অভিনয় করেছেন বিভিন্ন রোলে। ১১৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ অক্টোবর। ৪৪ বছর বয়সী বিখ্যাত হলিউডি অভিনেত্রী নানা কারণে দুনিয়াজুড়ে ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয়। তার ঝুলিতে রয়েছে অনেক সুপারডুপার হিট সিনেমা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ী এই অভিনেত্রী বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী হিসেবে বিবেচিত হয়েছেন অনেকবার। ‘প্লেয়িং গর্ড’, ‘দ্য বোন কালেক্টর’, ‘গার্ল ইন্টারাপ্টেড’, ‘লারা ক্র্যাফট :টম রেইডার’, ‘অরিজিনাল সিন’, ‘বিয়ন্ড বর্ডার’, ‘টেকিং লাইভস’, ‘সার্ক টেন’, ‘অ্যালেক্সান্ডার’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‘অ্যা মাইটি হার্ট’, ‘সল্ট’, ‘দ্য টুরিস্ট’ প্রভৃতি সিনেমা অ্যাঞ্জেলিনা জোলিকে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। অনন্য এক উচ্চতায় আসীন হয়েছেন এই সুপারস্টার অভিনেত্রী। এবার ‘ম্যালফিসেন্ট :মিসট্রেস অব ইভিল’ ছবিটি তাকে আরো মহিমামণ্ডিত করে তুলবে। এখনো অভিনয়ে নিজেকে ভীষণভাবে ব্যস্ত রেখেছেন জোলি। আগামীতে তাকে ‘কাম অ্যাওয়ে’, ‘দ্য ইটারনালস’, ‘দোজ হু উইশ মি ডেড’ প্রভৃতি সিনেমায় দেখা যাবে।
