রে জা উ ল ক রি ম খো ক ন
ইয়াশ রাজ ফিল্মসের আবিষ্কার বাণী কাপুরের রুপালি পর্দায় অভিষেক হয়েছিল ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির মাধ্যমে। প্রথম অভিনীত বলিউডি সিনেমায় নতুন মুখ হিসেবে বাজিমাত করেছিলেন সুন্দরী এই অভিনেত্রী। ২০১৩ সালের সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার ও আইফা অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে পুরেছিলেন বাণী। অভিনয়জীবনের শুরুতে বলিউডের নামী একটি ব্যানারের ছবিতে নায়িকা হওয়ার সুযোগ তার জন্য বড়ো একটি অর্জন ছিল বটে। অভিনীত প্রথম সিনেমাটি বক্স অফিসে ভালো ফলাফলও করেছিল। কিন্তু গত ছয় বছরে বাণীকে খুব বেশি ছবিতে দেখা যায়নি। এরপর ২০১৪ সালে তার অভিনীত তামিল সিনেমা ‘আহা কল্যানম’ এবং ২০১৬ সালে ‘বেফিকরে’ ছবিদুটি মুক্তি পেয়েছিল। বলা যায়, বাণী কাপুরের ফিল্মি ক্যারিয়ার ইয়াশ রাজ ফিল্মসে সীমাবদ্ধ রয়েছে। এর বাইরে বলিউডের অন্য কোনো ব্যানারের ছবিতে তাকে দেখা যায়নি। অনেক দিন পর বাণী আবার সবার মনোযোগ আকর্ষণ করেছেন নতুন সিনেমা ‘ওয়ার’-এর সুবাদে। এখানেও তিনি এক সুন্দরী তরুণীরূপে হাজির হয়েছেন। সুপার অ্যাকশন বলিউডি সিনেমা ‘ওয়ার’ মুক্তি পেয়েছে সম্প্রতি। এ ছবিও ইয়াশ রাজ ফিল্মসের। বলিউডের দুই প্রজন্মের দুই ম্যাচো হিরো হূত্বিক রোশন ও টাইগার শ্রফের পাশে বাণী কাপুরের আকর্ষণীয় পর্দা উপস্থিতি এরমধ্যেই দর্শকদের আলোড়িত করেছে। দুই জনপ্রিয় নায়কের কারণে ‘ওয়ার’ ছবিটি মুক্তির আগেই সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেছে। তাদের বিপরীতে একমাত্র নায়িকা হিসেবে বাণী কাপুর মোটামুটি ভালো সুযোগ পেয়েছেন। ৬ বছরের ফিল্মি ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমা নিয়ে বাণী কাপুর নিজেও খুব বেশি সন্তুষ্ট না হলেও তার নতুন সিনেমা ‘ওয়ার’ অনেক দূর এগিয়ে দেবে তাকে, এটা বলা যায় অনায়াসেই। বিশ্বের অনেকগুলো দেশের বিখ্যাত লোকেশনে ‘ওয়ার’ ছবির শুটিং হয়েছে। বাণীর বাবা একজন বড় আসবাবপত্র ব্যবসায়ী এবং মা শিক্ষক, পরবর্তীকালে মার্কেটিং এক্সিকিউটিভ। বাণী বড় হয়েছেন দিল্লিতে। ইন্দিরা গান্ধী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম স্টাডিজে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। এরপর জয়পুরের বিখ্যাত ওবেরয় হোটেল অ্যান্ড রিসোর্টে ইন্টার্নিও করেছেন। এক পর্যায়ে আইটিসি হোটেলে কিছুদিন চাকরি করেছেন। ট্যুরিজম লাইনে নিজেকে বড় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারতেন বাণী। কিন্তু হঠাত্ করেই এলিট মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যান। পরবর্তী সময়ে বলিউডের লোকজনের চোখে পড়ে যান। তার সৌভাগ্য, বিখ্যাত ইয়াশরাজ ফিল্মস তাকে একসঙ্গে তিনটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ করে। এর ফাঁকে তেলেগু রোমান্টিক ছবি ‘আহা কল্যানম’-এ অভিনয়ের সুযোগ পেয়ে যান। ছবিটি বলিউডের হিট ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এর রিমেক ছিল। দক্ষিণী সিনেমা দর্শকদের মুগ্ধ করলেও সেখানে বাণীর ফিল্মি ক্যারিয়ারের তেমন অগ্রগতি হয়নি। বাণী বলিউডেই নিজেকে ব্যস্ত করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে পৃষ্ঠপোষক হিসেবে ইয়াশরাজ ফিল্ম এখনো তার পাশে রয়েছে।
এরমধ্যে এই ব্যানারের পিরিয়ডিক্যাল মুভি ‘শমসেরা’য় অভিনয় শুরু করেছেন বাণী কাপুর। এ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে তাকে দেখা যাবে নায়িকা হিসেবে। শুধু একটি নির্দিষ্ট ব্যানারের সিনেমায় নিজের ক্যারিয়ারকে সীমাবদ্ধ রাখাটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়, এটা বেশ ভালোই উপলব্ধি করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। হিন্দি সিনেমায় তার মতো সুন্দরী অভিনেত্রীর বেশ ভালো কদর রয়েছে। ‘ওয়ার’ ছবিতে তার গ্ল্যামারাস পর্দা উপস্থিতি হয়তো দর্শকদের নতুনভাবে আকৃষ্ট করবে। এমনকি এটা তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তার অবস্থান নতুনভাবে বিবেচনা করবেন সবাই, সন্দেহ নেই।
