ফরিদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের খাগরবাড়ীয়া পশ্চিমপাড়া গ্রামের চাচাতো ভাই করিম-এর পুত্র তামিম (৭) ও সাইফুল ইসলামের পুত্র সিয়াম (৭) এবং তাদের ভাগিনা শিপন (৪) বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে বেলা ১১টায় রাস্তার পার্শ্বে ডোবায় নেমে খেলা করছিল। এ সময় তামিম পা পিছলে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সিয়ামও তলিয়ে যায়। ছোট বাচ্চা শিপন বিষয়টি দেখে কিছুক্ষণ অপেক্ষার পর বাড়িতে গিয়ে খবর দেয়। কিন্তু শিপনের কথা ভালো বুঝতে না পেরে তাদের অভিভাবক বিষয়টি আমলে নেয় না। কিন্তু পরবর্তীতে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তামিম ও সিয়ামের কথা শিপনকে জিজ্ঞাসা করলে শিপন অভিভাবকদের ডোবার কাছে নিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ডোবায় নেমে তামিম ও সিয়ামকে বেলা ২টায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
