মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
মঞ্চ নাটক নিয়ে ঢাকা মাতালো সৈয়দপুর শিল্প-সাহিত্য সংসদের শিশু নাট্যদল। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উত্সবে অংশ নেয় দলটি। গত ২৬ সেপ্টেম্বর উত্সবের ৭ম দিন শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে শিশু নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করে। মীর সরওয়ার আলী মুকুলের লেখা ‘মটর সাইকেল অ্যাক্সিডেন্ট’ শীর্ষক নাটকটির নির্দেশনায় ছিলেন দেশবরেণ্য নাট্যকার ও কথাসাহিত্যিক রেজানুর রহমান। একটি মটর সাইকেলকে কেন্দ্র করে শিশু-কিশোরদের চলমান সঙ্কট ও আতঙ্ক ছিল নাটকের মূল বিষয়। দলের প্রতিটি সদস্য চরিত্র অনুযায়ী অনবদ্য অভিনয় করেছে। দর্শকসারিতে বসে অন্যান্যদের মধ্যে নাটকটি উপভোগ করেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরা, বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিমসহ ঢাকার নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সকলেই শিশু নাট্যদলের নাটকের ভূয়শী প্রশংসা করেন। নাট্যকার নির্দেশক মান্নান হীরা বলেন, ‘দেশের অত্যন্ত জরুরি একটি সমস্যাকে কেন্দ্র করে লেখা এই নাটকটি নির্দেশনার গুণে উত্সবের একটি শ্রেষ্ঠ নাটকের তালিকায় স্থান করে নিয়েছে। ক্ষুদে শিল্পীরা নাটকে দারুণ অভিনয় করেছে।’ আজিজুল হাকিম বলেন, ‘এটি একটি উন্নতমানের নাটক। নাটকটির বেশি বেশি মঞ্চায়ন জরুরি।’
নাটকটিতে যারা অভিনয় করেছে রাসেল বাবু, ফাহমিদা ইয়াসমিন উর্মি, মহসিন আলী, আসাদ, অজয়, মুরাদ, দীপা রায় ও সুস্মিতা। নাটকটির আবহসংগীতে ছিলেন সাব্বির হোসেন। উল্লেখ্য, নাটকটিতে সেরা অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফাহমিদা ইয়াসমিন উর্মি মঞ্চ কুঁড়ি পদক লাভ করে।
