কুমিল্লা প্রতিনিধি
কর অঞ্চল কুমিল্লায় গত দুই মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয়কর রাজস্ব আদায় হয়েছে। কর অঞ্চল কুমিল্লার অধিভুক্ত ছয়টি জেলার (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী) ২২টি কর সার্কেলের মাধ্যমে এই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়। গতকাল বুধবার নগরীর নজরুল এভিনিউ এলাকার কর অঞ্চল কুমিল্লা কার্যালয়ের ময়নামতি সম্মেলনকক্ষে ঐ ছয় জেলার কর সার্কেল ও রেঞ্জ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত রাজস্ব সভায় এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লার কমিশনার এম এম ফজলুল হক।
সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলাম জানান, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ কোটি টাকারও বেশি আয়কর আদায় ছাড়াও কর জরিপের মাধ্যমে গত দুই মাসে রেকর্ড সংখ্যক প্রায় সাত হাজার নতুন করদাতা করনেটে সংযুক্ত হয়েছেন। গত ২০১৮-১৯ অর্থবছরে মোট ২৫ হাজার নতুন করদাতা কর নেটভুক্ত হয়েছিলেন। বহু করদাতাই রিটার্ন খেলাপি হওয়ায় চলতি বছরে রেকর্ড সংখ্যক রিটার্ন দাখিলে উদ্বুদ্ধকরণের জন্য আগামী ১৪-১৮ নভেম্বর পাঁচ দিনব্যাপী উত্সবমুখর পরিবেশে কর মেলা আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
