স্পোর্টস ডেস্ক
আরেকটি দুঃসংবাদ পেল ভারত। এবার কোমরের ইনজুরিতে পড়েছেন হার্দিক পান্ডিয়া। এর জন্য বাংলাদেশের বিপক্ষে আসন্ন বাংলাদেশ সিরিজে তার ‘সার্ভিস’ পাবে না ভারতীয় ক্রিকেট দল।
গেল সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ চলাকালেই সর্বপ্রথম এই ইনজুরিতে ভুগেছিলেন তিনি। এবার পুরনো সেই ব্যথাটাই আবার ফিরেছে। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে, চিকিত্সা নিতে শিঘ্রই যুক্তরাজ্য যাবেন এই অলরাউন্ডার। যদি, কোনো কারণে সেটা না হয়, তাহলে জার্মানি পাঠানো হবে পান্ডিয়াকে।
যদিও টিম কম্বিনেশনে ‘ফিট’ হতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে তিনি ছিলেন না। জানা গেছে, এই ইনজুরিটা কমপক্ষে পাঁচ মাস তাকে মাঠের বাইরে রাখবে।
বোর্ডের ঐ সূত্র সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘টিম কম্বিনেশনের সাথে মানিয়ে নিতে না পারায় ওকে টেস্ট দলে রাখা হয়নি। তবে, ক্রুনালের নেতৃত্বে বারোদা দলের হয়ে ওর বিজয় হাজারে ট্রফি খেলার কথা। আমরা সবাই আশাবাদী যে, এবার অন্তত ওকে সার্জনের ছুরির নিচে পড়তে হবে না। তবে আগামী বছরের আইপিএলের আগে ওর ফেরার সম্ভাবনা নেই।’
টেস্ট দলে এবার জায়গা না পেলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত মুখ পান্ডিয়া। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার ১১ টেস্টে ৫৩২ রানের সাথে নিয়েছেন ১৭ উইকেট। অন্যদিকে ৫৪টি ওয়ানডেতে ৯৩৭ রানের পাশাপাশি পেস বোলিংয়ে নিয়েছেন ৫৪ উইকেট। আর ৪০ টি-টোয়েন্টি খেলে ৩৮ উইকেটের সাথে করেছেন ৩১০ রান।
বিশেষ করে, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারই হওয়ার কথা ছিল ভারতের অন্যতম তুরুপের তাস। সেজন্যই এই সময়ে তাকে বেশি করে সাদা বলের ক্রিকেটে খেলানোর কথা ভেবে রেখেছিলেন বোর্ডের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান এমএসকে প্রসাদ। কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিল বেরসিক ইনজুরি।
আসছে নভেম্বরে ভারত সফরে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের শুরুটাই হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী তিন নভেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরে নাগপুর ও রাজকোটে হবে বাকি দুই ম্যাচ।
এরপর আগামী ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। কোমরের স্ট্রেস ইনজুরির কারণে এই সিরিজের জন্য বিবেচিত হবেন না সময়ের সেরা পেসারদের একজন জাসপ্রিত বুমরাহও।
