মেয়েদের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি। সিডনিতে গতকাল সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে অপরাজিত ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের। চলতি বছরের জুলাইয়ে চেমসফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছিলেন ল্যানিং। বিশ্বরেকর্ড গড়া ইনিংসে ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হিলি। টি-টোয়েন্টির ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০ ওভারে ওভারে ২ উইকেটে ২২৬ রানের বড়ো সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। ১৯টি চার ও ৭টি ছক্কায় ৬১ বলে নিজের ইনিংসটি সাজান হিলি। অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২২৭ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রান করে শ্রীলঙ্কা। ১৩২ রানে ম্যাচ জিতে অজিরা। বিশ্ব রেকর্ড গড়ে হিলি বলেন, ‘এটি এমন একটি দিন, যেখানে সবকিছুই ঠিকঠাক হচ্ছিল। তাই আমিও সুযোগ কাজে লাগিয়েছি।’
