স্বার্থের সংঘাতে কপিলের পদত্যাগ

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৫৬

স্পোর্টস রিপোর্টার

ভারতের বিশ্বকাপ বিজীয় অধিনায়ক কপিল দেব ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তার কমিটির তিন সদস্যের বিপক্ষেই স্বার্থের সংঘাতের অভিযোগ এসেছিল। ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

সিএসপির তিন সদস্য কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও সান্থা রঙ্গসোয়ামী ক্রিকেটের একাধিক পদে থাকায় স্বার্থের সংঘাত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। তার অভিযোগের ভিত্তিতে এই তিন জনকেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য নোটিশ দেয় বিসিসিআইয়ের নৈতিক কর্মকর্তা ডি কে জৈন।

এই নোটিশ পাওয়ার পরদিনই সিএসসি থেকে পদত্যাগ করেন রঙ্গসোয়ামী। তিনি সংবাদমাধ্যমে বলেন, অভিযোগ যে কেউ তুলতে পারে। কিন্তু খতিয়ে না দেখে প্রতিটি ক্ষেত্রে নৈতিক কর্মকর্তা নোটিশ দিলে সেটা অনর্থক হয়ে যায়, ‘আমি সিএসি ও খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের সদস্যপদ দুটি থেকেই পদত্যাগ করেছি। আমি এটা বুঝতে পারি, যে কেউ অভিযোগ তুলতে পারে। কিন্তু এথিকস অফিসার যখন শুধু অভিযোগের ভিত্তিতেই নোটিশ পাঠান, তাহলে আর কাজ করার কোনো অর্থ নেই।’

এর আগে সিএসসির সদস্য হিসেবে এই তিন জনকে যখন নির্বাচন করা হয়, তখন বিসিসিআইয়ের আইন কর্মকর্তা সবুজ সংকেত দিয়েছিলেন যে তাদের কোনো স্বার্থের সংঘাত নেই।