অভিযানের পর বরিশালে পেঁয়াজের দাম কমেছে

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৫৯

গত কয়েক দিন ধরে বরিশালে প্রতিকেজি পেঁয়াজ ৯৫ টাকা থেকে ১১০ টাকা দরে বিক্রি হলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরই পাল্টে গেছে চিত্র। অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে ৩ আড়তদারকে ১২ হাজার টাকা জরিমানা করেন আদালত। অভিযানের পরপরই প্রতিকেজি পিয়াজ ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। 

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার এবং মনীষা আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালত পেঁয়াজ পট্টির ৮/১০টি আড়তে অভিযান চালায়। এ সময় পেঁয়াজের মূল্যে অসংগতি থাকায় ৩টি আড়ত থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

আরো পড়ুন: নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি না করলে ব্যবস্থা: ডিএসসিসি মেয়র

পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, যে দামে তারা পেয়াজ কিনছেন, তার চেয়ে সামান্য লাভে বিক্রি করছেন। এখানে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না বলে দাবি তাদের। মূলত সীমান্ত সিন্ডিকেট এবং বড় ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধির পেছনে দায়ী বলে জানান তারা। 

এদিকে আকস্মিক এ অভিযানে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫০ থেকে ৩০ টাকা কমে যাওয়ায় ক্রেতারা এ অভিযান অব্যাহত রাখার আহবান জানান।

জেলা প্রশাসন জানিয়েছে, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।