রয়টার্স
তাইওয়ানের সুয়াও বন্দর শহরে নদীতে একটি সেতু ধসের ঘটনায় চার জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার একটি তেলবাহী ট্যাংকার পার হওয়ার সময় সেতুটি ধসে পড়ে। এ সময় নদীতে নোঙর করে থাকা বেশ কয়েকটি মাছ ধরার নৌকা থেঁতলে যায়। এতে অন্তত ১২ জন আহত হয়। তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এদের অধিকাংশই ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে আসা জেলে।
থেঁতলে যাওয়া নৌকাগুলোতে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজে উদ্ধারকারীরা বুধবারও তল্লাশি অব্যাহত রেখেছে। কয়েকশ উদ্ধারকারীর সঙ্গে বেশ কয়েকজন ডুবুরিও যোগ দিয়েছেন। এ কাজে ক্রেন ও খননযন্ত্রও ব্যবহার করা হচ্ছে। এক বিবৃতিতে তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, এ পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন বিদেশিও রয়েছে। এতে নিখোঁজ দু্ই বিদেশি জেলের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
