ইত্তেফাক রিপোর্ট
সম্প্র্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে টিআইবিকে উদ্ধৃত করে প্রকাশিত এবং বহুল প্রচারিত দুটি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এমন তত্পরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘ফেঁসে গেলেন আওয়ামী লীগের আরো ১২ এমপি, মন্ত্রী :টিআইবি থেকে তিন দিনের মধ্যে আটকের আলটিমেটাম’; ‘তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে তের বছরে রাষ্ট্র ৪৫ হাজার কোটি টাকা খরচ করেছে : টিআইবি’ শিরোনামের দুটি পোস্ট টিআইবির নজরে এসেছে। টিআইবির সঙ্গে এই সংবাদ দুটির কোনো সংশ্লিষ্টতা নেই। টিআইবির নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টদের এসব পোস্ট সরিয়ে নেওয়ার এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার বিকল্প থাকবে না বলে জানানো হয়েছে। টিআইবি আরো জানিয়েছে, সংস্থাটির সমস্ত গবেষণার প্রতিবেদন এবং বিবৃতি তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সুতরাং টিআইবিকে উদ্ধৃত করে প্রচারিত মিথ্যা সংবাদের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। একইসাথে টিআইবির ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ এবং টিআইবি কর্তৃক প্রেরিত মূল প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য বা মন্তবব্যের বাইরে অন্য কোনো মতামত ও তথ্যের জন্য টিআইবি দায় নেবে না।
