রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে দুদক রাজশাহীর সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে চার কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বিকাল ৩টার দিকে রাণীনগর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের চার কর্মকর্তা প্রবেশ করেন। এরপর প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করেন।
রাণীনগর দলিল লেখক সমিতির সভাপতি হাফিজুর রহমান বাচ্চু বলেন, দুদকের কর্মকর্তারা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করে অফিসের ভেতরে বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখেন। তবে কোনো কিছু তারা পাননি।
তিনি আরো বলেন, এ সাব-রেজিস্ট্রি অফিসে পাঁচ জুটি স্বামী-স্ত্রী চাকরি করেন। স্ত্রীরা নকলনবিশ (কপিস্ট) এবং স্বামীরা দলিল লেখক। এতে অনিয়ম দুর্নীতি হওয়ার সম্ভবনা থাকে।
এ ব্যাপারে রাণীনগর সাব-রেজিস্ট্রার রাশিদা ইয়াসমিন মিলি বলেন, দুদক তার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করেছেন।
দুদক রাজশাহীর সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। জমি রেজিস্ট্রিতে টাকা বেশি নেওয়া হয়। স্বামী-স্ত্রী জুটি বেঁধে চাকরি করছেন। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে কাউকে আটক করা হয়নি।
